নওগাঁয় যমজ সন্তান প্রসবের পর নবজাতক ‘উধাও’ কাণ্ডের ৮ দিন পর বগুড়া থেকে উদ্ধার

নওগাঁয় যমজ সন্তান প্রসবের পর নবজাতক ‘উধাও’ কাণ্ডের ৮ দিন পর বগুড়া থেকে উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের বলাকা নামের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘির তারতা গ্রামের মলিনা (৪০) ও তাঁর স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। প্রসূতির স্বামী শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা একাধিক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল। কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয় এবং অপর নবজাতকের বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

শুধু তাই নয়, অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘ সময় ফেলে রাখা এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের গুরুতর অভিযোগও তোলে পরিবারটি। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে নবজাতক উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের এক নবজাতক চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী এক নবজাতক রয়েছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক নারী মলিনা প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরবর্তী সময়ে স্বীকার করেছেন যে তিনি নবজাতকটিকে অন্য কোথা থেকে সংগ্রহ করেছেন। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।

উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই নিরাপদ আশ্রয়ে থাকবে। পুলিশ আশা করছে, দ্রুত ডিএনএ প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে পুরো ঘটনার আসল রহস্য উদঘাটিত হবে।

এদিকে, গত ৭ নভেম্বর ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা এক সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করেন। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আলট্রাসনোগ্রাম প্রতিবেদনটি ভুল ছিল। তবে প্রতিবেদনে কেন যমজ সন্তানের তথ্য এসেছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190887