কুড়িগ্রামে শিক্ষিত পাঁচ তরুণের চুইঝালের মুড়ির দোকান, মাসে বিক্রি তিন লাখ টাকা

কুড়িগ্রামে শিক্ষিত পাঁচ তরুণের চুইঝালের মুড়ির দোকান, মাসে বিক্রি তিন লাখ টাকা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : উচ্চশিক্ষার সনদ হাতে নিয়ে চাকরির অপেক্ষায় বসে থাকেননি তারা। বরং নিজেরাই কর্মসংস্থান গড়ার স্বপ্ন দেখেছেন পাঁচ বন্ধু। মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন চুইঝালের মুড়ির ছোট্ট দোকান। ব্যতিক্রমী স্বাদে ক্রেতাদের মন জয় করে এখন প্রতিদিন বিক্রি করছেন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি। তাদের ছোট্ট উদ্যোগ ঘিরেই তৈরি হয়েছে স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা।

কুড়িগ্রামের রাজারহাট বাজারের তিস্তা রোডে রেললাইনের পাশে প্রতিদিন সন্ধ্যা নামলেই দেখা মেলে ব্যতিক্রমী এই উদ্যোগের। ২০ টাকার এক বাটি মুড়িতে রসুন, স্থানীয় চুইঝাল ও বিশেষ মসলার মিশ্রণ। কেউ দোকানে দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ পরিবারের সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন পার্সেল করে। স্বাদের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশনায়ও নজর কেড়েছে দোকানটি।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন পাঁচ বন্ধু—নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাদের মধ্যে নুর আলম ও নাহিদ হাসান স্নাতকোত্তর এবং অন্য তিনজন স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের শ্রম ও মেধায় কিছু করার প্রত্যয় থেকেই অক্টোবরের শুরুতে তাদের এই যাত্রা।

ব্যবসার প্রস্তুতিও চলে নিজেদের হাতেই। সকালে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও বিশেষ মসলা তৈরি করেন তারা। বিকেলে বসেন রেললাইনের পাশের অস্থায়ী দোকানে। প্রতিদিন প্রয়োজন হয় ২৩ থেকে ২৫ কেজি মুড়ি। মাসে বিক্রির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। খাবার পরিবেশনে ব্যবহার করছেন ফুড গ্রেড পেপার।

কুড়িগ্রাম শহর থেকে বন্ধুদের নিয়ে আসা মমিনুল ইসলাম বাবু বলেন, চুইঝাল দেওয়া মুড়ির খবর পেয়ে বন্ধুদের নিয়ে এসেছি। খেয়ে বেশ ভালো লেগেছে। স্বাদটা অন্য রকম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190884