সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

তিনি আরও জানান, বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত।

তবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190880