বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে  সিএনজি চালক মোজাফফর হোসেন (৩৯) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনের এলাকায়।

থানা ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে মোজাফফর হোসেন সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য বগুড়ার দিকে যাচ্ছিলেন।

তার সিএনজিটি দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের উপজেলা খাদ্যগুদামের সামনে পৌছিলে সামনের দিক থেকে আসা ট্রাক (পাবনা-ট-১১-০৬৬৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তার সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষনিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরীবিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190845