পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশন হতে যাচ্ছে: শাকিব খান

পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশন হতে যাচ্ছে: শাকিব খান

বিনোদন ডেস্ক : পাকিস্তানি সিনেমার সঙ্গে ঢাকার সিনেমা খুব শিগগির কোলাবরেশন হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেতা এবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত ‘রঙ ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এ শাকিব খানের উপস্থিতি ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। সিনেমা, সংগীত ও বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা গ্রহণের পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শাকিব খান। তিনি জানান, বর্তমানে পুরো গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সোনালী সময় চলছে। একটু হিট হলেই পার্শ্ববর্তী দেশগুলোর সিনেমা হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে এবং বিশ্বজুড়ে বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, যা সত্যি অবাক করার মতো।
 
পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির তথ্য তুলে ধরে তিনি জানান, আগে ধারণা ছিল তাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছুই নেই। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে, সেখানে রানিং হলের সংখ্যা বা আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো। এমনকি তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা গ্রস বা ব্যবসা করে, যা অত্যন্ত বিস্ময়কর।
 
পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশনের সম্ভাবনার কথা জানিয়ে শাকিব খান বলেন, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে শিগগির হয়তো একটি কাজের কোলাবরেশন হতে যাচ্ছে। সেই সাফল্যের জায়গা থেকে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিও পিছিয়ে থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এই সুপারস্টার।
 
এ সময় তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রী মহোদয়দের সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি দারুণ আগ্রহ রয়েছে এবং সংশ্লিষ্ট অনেকেই সবাইকে নিয়ে বেশ উদ্যোগী ভূমিকা পালন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটি সুন্দর ও বড় জায়গায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় এই নায়ক।
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190825