খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার শাড়ির প্রতি রয়েছে বিশেষ ভালো লাগা। বিশেষ করে জামদানি পরতে পছন্দ করেন তিনি। তবে পছন্দের শাড়ি পরার জন্য প্রতিবার নতুন করে কেনাকাটা করেন না এই অভিনেত্রী। বরং মায়ের আলমারিতে থাকা শাড়ির সংগ্রহ থেকেই নিজের পছন্দমতো জামদানি বেছে নেন। এতে যেমন মায়ের শাড়ি পরার আনন্দ মেলে, তেমনি সাশ্রয় হয় বাড়তি খরচও।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন প্রভা। সম্প্রতি মায়ের শাড়ি পরার অভ্যাস নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

অভিনেত্রী জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। মায়ের সংগ্রহে থাকা শাড়িগুলোর মধ্য থেকে পছন্দের একটি বেছে নেন। সম্প্রতি এমনই একটি জামদানি পরে ছবি শেয়ার করার পাশাপাশি শাড়িটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

শুধু মায়ের শাড়ির প্রতি ভালোবাসাই নয়, এর পেছনে রয়েছে বাস্তবসম্মত একটি কারণও। নিজের উপার্জনের সঙ্গে মায়ের আয়ের তুলনা করে মজার ছলে খরচ বাঁচানোর বিষয়টি তুলে ধরেছেন অভিনেত্রী।

প্রভার ভাষায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

মায়ের আলমারির শাড়ি দিয়ে সাজের শখ পূরণের এই অভ্যাসের মধ্য দিয়ে একদিকে যেমন মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছে, অন্যদিকে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের সহজ-সরল একটি দিক।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190823