যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
আন্তর্জাতিক ডেস্ক : যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। তাকে আনতে হবে একটি সামরিক বিমান পাঠিয়ে। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর তিনি বাংলাদেশের একটি সামরিক বিমানেই ভারতে গিয়েছিলেন। অবশ্য স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।
ভারতীয় নীতিনির্ধারকরা চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে ভারত। এছাড়া নয়াদিল্লি মনে করে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190806