৫০ হাঁস দিয়ে শুরু, শফিকের মাসে আয় ৭০ হাজার টাকা

৫০ হাঁস দিয়ে শুরু, শফিকের মাসে আয় ৭০ হাজার টাকা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ইসলাম শফিক। কিন্তু সেখানে দুই বছর অবস্থান করে আশানুরূপ আয় করতে না পেরে শেষ পর্যন্ত অনেকটা খালি হাতেই দেশে ফিরতে হয় তাকে। প্রবাস ফেরত এই যুবকের সামনে তখন অনিশ্চিত ভবিষ্যৎ আর সংসারের দায়িত্ব। তবে হতাশ না হয়ে অল্প পুঁজি নিয়েই শুরু করেন হাঁস পালন। মাত্র ৫০টি হাঁস দিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন তার আয়ের অন্যতম উৎস। বর্তমানে খামারে ১২শ’ হাঁস থেকে মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন তিনি। পাশাপাশি সৃষ্টি করেছেন আরও একজনের কর্মসংস্থান। শফিকুল ইসলাম শফিক বগুড়ার শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার খামারের নাম যমুনা হাঁসের খামার।

স্থানীয় সূত্র ও শফিকের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি আরব থেকে ফিরে বেকারত্বের মধ্যে দিন কাটছিল তার। পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা থেকেই বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে থাকেন। একপর্যায়ে সামান্য পুঁজি জোগাড় করে ৫০টি হাঁস কিনে শুরু করেন খামার। ধীরে ধীরে পরিশ্রম, ধৈর্য ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে তোলেন নিজের খামার। প্রায় তিন বছর ধরে পরিচালিত এই খামার এখন তার স্বাবলম্বী হওয়ার অবলম্বন।
বর্তমানে হাঁসের খামার থেকে মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা আয় হচ্ছে বলে জানান তিনি। নিজের কর্মসংস্থানের পাশাপাশি খামারে আরও একজনের কাজের সুযোগ তৈরি হয়েছে। তার এই সাফল্য দেখে এলাকার পাশাপাশি আশপাশের অনেক বেকার যুবকও হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন। তবে খামার আরও বড় করার পথে প্রধান বাধা পুঁজির সংকট বলে জানিয়েছেন শফিক। তার অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলেও প্রকৃত খামারি ও উদ্যোক্তারা অনেক সময় সেই সুবিধা পান না।

আমি যদি স্বল্প সুদে ঋণ পেতাম তাহলে খামারটি আরও বড় করতে পারতাম। এতে আমার আয় বাড়ার পাশাপাশি আরও অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। প্রবাসে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে দেশে ফিরে হতাশায় থেমে না গিয়ে মাত্র ৫০টি হাঁস দিয়ে স্বাবলম্বী হওয়ার এই উদ্যোগ এখন এলাকার অন্য বেকার যুবকদের জন্যও সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এ বিষয়ে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিয়াজ মো: কাজমীর রহমান বলেন, উপজেলার খামারিদের খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে তাদের দপ্তরে ঋণ দেওয়ার কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে তার বিষয়টি বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190788