বগুড়ায় মাটিডালিতে চুরি হওয়া স্মারক যুদ্ধবিমানের পাখার অংশ উদ্ধার হয়নি এখনো
স্টাফ রিপোর্টার: বগুড়া মাটিডালি বিমান মোড়ের স্মারক যুদ্ধবিমানের পেছনের পাখার অংশ চুরি হলেও বৃহস্পতিবার পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে তা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। স্থানিয়রা জানান,বগুড়া মহানগরের সাথে উত্তরের জেলাগুলোর সংযোগস্থল মাটিডালী মোড়ের ল্যান্ডমার্ক হিসেবে স্থাপিত শেনইয়াং এফ-৬ মডেলের পুরোনো যুদ্ধবিমানের পাখার পেছনের একটি অংশ খুলে নিয়ে যায় চোরেরা। ক’দিন আগে এই চুরির ঘটনা ঘটে। উল্লেখ্য,ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি মোড়ের গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অকেজো যুদ্ধবিমান স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপন করা হয়। ২০০৫সালে ওই চত্ত্বরটি উদ্বোধনের পর থেকে উত্তরাঞ্চলের কেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকা ‘বিমান মোড়’ নামে পরিচিতি পায়। মাটিডালি বিমান মোড় এলাকার হেলথ ভিলেজ নার্সিং হোমের পরিচালক ওবাইদুর রহমান রিবন জানান, এই বিমানটি সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার একটি স্থাপিত স্মৃতি। কিন্তু এখন নিয়মিত এটির চারপাশে ভবঘুরে ও মাদকসেবীদের আড্ডা চলে। তিনি বলেন,বগুড়ার অন্যতম একটি নিদর্শন রক্ষা পুলিশ কিংবা সরকারের অন্য যে কোন দপ্তরের নজরদাড়ি থাকা প্রয়োজন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, বিষয়টি বিমান বাহিনী থেকে অবগত করা হয়েছে। দাপ্তরিক বা কোন অভিযোগ এখনও পাইনি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমানের পাখার ওই অংশ উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190786