বগুড়ার ধুনটে জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ, অবরুদ্ধ কৃষক পরিবার

বগুড়ার ধুনটে জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ, অবরুদ্ধ কৃষক পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে লুৎফর রহমান নামে এক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন কৃষক পরিবারটিকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক লুৎফর রহমান বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে  ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর গ্রামের কৃষক লুৎফর রহমানের সঙ্গে প্রতিবেশী আব্দুল গনী, আব্দুল ওহাব, মজিদ ও হাবিবুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ ওই জমির পাকা ধান কেটে নেন আব্দুল গনী ও তার লোকজন। এ ময় লুৎফর রহমান বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

কৃষক লুৎফর রহমানের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে আব্দুল গনী, হাবিবুর রহমান ও তার লোকজন বাইরের লোকজন ভাড়া করে নিয়ে এসে বিরোধপূর্ণ জমির পাকা ধান কেটে নিয়েছেন। তিনি নিষেধ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন। বাড়ির বাইরে বের হলে তাকে ও পরিবারের সদস্যদের মারধরের ভয়ভীতি দেখান প্রতিপক্ষের লোকজন।

তবে অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ওই জমিতে তারাই ধান রোপণ করেছেন এবং পাকার পর নিজেরাই কেটে নিয়েছেন। লুৎফর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারা কাউকে অবরুদ্ধ করেননি। লুৎফর রহমানের থানায় মিথ্যা অভিযোগ করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190782