বগুড়ায় এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

শহর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে বগুড়ার প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)। 


বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এ. আর ইসলাম স্বাধীন। কর্মসূচির উদ্বোধন করে আতিকুর রহমান রুমন ও প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন পৃথকভাবে জয়তুন ও হরতকি গাছের চারা রোপণ করেন। 

পরে সংস্থার সদস্যরা অর্জুন, বহেরা ও দেবদারু গাছের চারা রোপণের মধ্য দিয়ে এক হাজার চারা রোপণের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মো. রাশেদুজ্জামান পিয়াস জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব। সংস্থার সভাপতি মো. ইসমাইল হোসেন রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়া সংস্থার সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ মো. নাজমুল হোসেন, নির্বাহী সদস্য মোছা. রেজওয়ানা ও শংকর কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190778