‘স্ত্রী ক্যানসারে আক্রান্ত’, বিদেশযাত্রা এড়াতে বিমান ছিনতাইয়ের হুমকি

‘স্ত্রী ক্যানসারে আক্রান্ত’, বিদেশযাত্রা এড়াতে বিমান ছিনতাইয়ের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : অফিসের কাজে যেতে হবে বিদেশে। কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ ছিলেন তিনি। শেষ পর্যন্ত বিদেশযাত্রা এড়াতে অদ্ভুত এক কাণ্ড ঘটান। এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাইয়ের ভুয়া হুমকি দিয়ে ফ্লাইট বাতিলের চেষ্টা করেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন পার্থপ্রতিম নন্দী। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা।

গতকাল বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার এআই ২৭৭২ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিতে ছিলেন ১০৫ জন যাত্রী। এ সময় বিমানের শৌচাগার থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। তাতে উল্লেখ ছিল, বেলা ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে। হুমকিবার্তাটি সামনে আসতেই তড়িঘড়ি করে সতর্ক হন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি পাইলটের পক্ষ থেকে জানানো হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি)। এরপর সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে সেটিকে আইসোলেশন বে-তে নেওয়া হয়। সেখানে পৌঁছান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের সদস্যরা। তাদের সঙ্গে ছিল প্রশিক্ষিত কুকুর ও বোমা নিষ্ক্রিয়করণ দল। বিমানবন্দরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। এরপর শুরু হয় তল্লাশি অভিযান।

প্রায় সাত ঘণ্টা ধরে চলে নিরাপত্তা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা। শেষ পর্যন্ত বিমান ছিনতাইয়ের হুমকিটি ভুয়া বলে নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বিকাল ৫টা ৩৮ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

এদিকে ঘটনার তদন্তে নেমে বিমানের যাত্রীদের হাতের লেখার নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সন্দেহের তালিকায় উঠে আসে পার্থপ্রতিম নন্দীর নাম।

পরে প্রথমে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইএসএফ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অফিসের কাজে আফ্রিকা মহাদেশের একটি দেশে যাওয়ার কথা ছিল পার্থপ্রতিমের। কিন্তু ওই সফরে যেতে একেবারেই রাজি ছিলেন না তিনি। অসুস্থ স্ত্রীকে কলকাতায় রেখে বিদেশে যেতে চাইছিলেন না। তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদেশযাত্রা এড়াতেই বিমানে ছিনতাইয়ের ভুয়া হুমকি দিয়ে ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেন তিনি।

তদন্তকারীরা জানিয়েছেন, মানিব্যাগের ভেতরে থাকা একটি ছোট কাগজে বড় হাতের ইংরেজি অক্ষরে (ব্লক লেটারে) ছিনতাইয়ের হুমকিবার্তা লিখেছিলেন পার্থপ্রতিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকারও করেছেন তিনি।

তবে তার দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190766