ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি। আটকদের মধ্যে পাঁচজন পুরুষ ও এক নারী রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুরে ওই ছয় জনকে আটক করা হয়।

আটকরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাংগা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) ও পঞ্চগড়ের আটোয়ারি থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। আটক নারীর পরিচয় প্রকাশ করেনি বিজিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-৬০/৭৭-আর এলাকায় টহল দেয়। টহল চলাকালে সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ছয়জনকে আটক করে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, আটক সবাই বাংলাদেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা শেষে তাদের আদালতে তোলা করা হবে।

এদিকে বিজিবির মাধবখালী বিওপির আলাদা এক অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190759