নারায়ণগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ি থেকে ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার গাঁজা গাছটি উদ্ধার করা হয়। গাছটির ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে মোবারককে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় জীবিত গাঁজা গাছটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা গাছ চাষ করে আসছিলেন বলে জানা গেছে।
এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190752