খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসের দুটি পৃথক কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের কানুনগো কক্ষের গুরুত্বপূর্ণ পুরোনো রেজিস্টার ও নথিপত্র এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন সরঞ্জাম ও আবাসন-সংক্রান্ত কাগজপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ডিএডি মান্নান জানান, রাত ২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতলও পাওয়া গেছে। আগুনে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাজসেবা কার্যালয়।

অন্যদিকে, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া জানান, আগুনে সমাজসেবা কার্যালয়ের একটি কক্ষের বৈদ্যুতিক সরঞ্জাম এবং ভূমি অফিসের কানুনগো কক্ষের পুরোনো রেজিস্টার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে  অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত, তা তদন্তে পুলিশ কাজ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190745