প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, উপহার হিসেবে দেওয়া হলেও ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক। সরকার ও দল এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, জনগণের করের টাকায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য সঠিক ছিল। তবে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি সমর্থনযোগ্য নয়। উপহার বা অন্য যে নামেই অভিহিত করা হোক, ঘুষের লেনদেন অবৈধ ও অনৈতিক।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার তা সমর্থন করে না। তাই বিষয়টি গণমাধ্যমে তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রচার করা উচিত ছিল।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না। তবে কাজের মান খারাপ করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে ভাগ-বাঁটোয়ারা করা যাবে না।
একই অনুষ্ঠানে এলজিইডির চলমান ও পাইপলাইনে থাকা উন্নয়ন প্রকল্পের কাজে গুণগত মান বজায় রাখা এবং কোনো ধরনের শিথিলতা না দেখানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তাঁর উপহারসংক্রান্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হলে ইশরাক হোসেন এ প্রতিক্রিয়া জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190703