বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় সহকারী শিক্ষক নিহত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় গজেন্দ্র নাথ বর্মন(৪২) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াসার এলাকার একটি তেল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি পালপাড়া গ্রামের অজিত বর্মনের ছেলে এবং হাড়িয়ারকুঠি-২ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, সন্তানদের লেখাপড়ার জন্য তিনি পাগলাপীর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন স্কুলে যাওয়ার জন্য পাগলাপীর এলাকা থেকে মোটরসাইকেলযোগে তারাগঞ্জ যাচ্ছিলেন।
এসময় অজ্ঞাত যানবাহনের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190694