কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির আঙিনায় পুষ্টি বাগান বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : একসময় বসতবাড়ির আশপাশের ফাঁকা জায়গা কিংবা পুকুরপাড়ের অনাবাদি জমি পড়ে থাকত অব্যবহৃত। এখন সেই জমিতেই ফলছে কীটনাশক ছাড়া লাউ, শিম, ঢেঁড়শ, করলা, পুঁইশাকসহ নানা ধরনের শাকসবজি।
পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ও করছেন অনেকে। এতে কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক পুষ্টি বাগান ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র।
উপজেলার সাতটি ইউনিয়নেই ছড়িয়ে পড়েছে পারিবারিক পুষ্টি বাগানের এই উদ্যোগ। চাকরিজীবী, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ কৃষক—অনেকেই বাড়ির আঙিনা, পুকুরপাড় ও পতিত জমিতে গড়ে তুলেছেন সবজির বাগান। কারও কাছে এটি পরিবারের পুষ্টির নিশ্চয়তা, কারও কাছে অবসর কাটানোর আনন্দ, আবার কারও কাছে বাড়তি আয়ের উৎস।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনার সামান্য জায়গাও এখন আর ফেলে রাখা হচ্ছে না। কোথাও মাচায় ঝুলছে লাউ-শিম, কোথাও সারি সারি শাকসবজি। পরিবারের সদস্যদের চাহিদা মিটিয়ে উৎপাদিত বাড়তি সবজি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারেও।
উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের দলিল লেখক আশরাফুল ইসলাম সাজু জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির আঙিনায় প্রায় দুই শতক জমিতে কীটনাশক ছাড়া পুষ্টি বাগান করেছেন তিনি। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি আত্মীয়-স্বজনের বাড়িতেও দিচ্ছেন। তিনি বলেন, সকাল-বিকেল বাগানে সময় কাটাই। নিজের হাতে উৎপাদিত টাটকা সবজি খাওয়ার আনন্দই আলাদা। পরিবারের চাহিদা মিটিয়ে অন্যদের দিতে পারাও ভালো লাগার বিষয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাইদুল হাসান জানান, অনাবাদি, পতিত ও বসতবাড়ির অব্যবহৃত জমি কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়ানোই পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মূল উদ্দেশ্য। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
তিনি জানান, ২০২২-২৩ অর্থবছর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজারহাটে পুষ্টি বাগানের প্রদর্শনী স্থাপন শুরু হয়। বর্তমানে এসএ সিপি রেঞ্জ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত উপজেলায় প্রায় ৮৪০টি পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে।
প্রকল্পের আওতায় বাগান তৈরির উপকরণ ও বীজ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কৃষকদের লাউ, শিম, ঢেঁড়শ, ধনিয়া, চিচিঙ্গা, পুঁইশাক, কলমিশাক, পালংশাক, লালশাক, পেঁপে ও করলাসহ বিভিন্ন সবজির বীজ দেওয়া হচ্ছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, পারিবারিক পুষ্টি বাগান ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সরকারি সহায়তার পাশাপাশি অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বাগান গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করছেন।
এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। অন্যদিকে অব্যবহৃত জমির সঠিক ব্যবহার ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। কৃষিসংক্রান্ত যেকোনো পরামর্শ ও সহযোগিতার জন্য উপজেলা কৃষি অফিস সব সময় প্রস্তুত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190685