ঠাকুরগাঁওয়ে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু, হত্যা মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু, হত্যা মামলা দায়ের

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাথির আঘাতে আনিসুর রহমান (৪৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আনিসুর রহমান উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি ঝাড়গাঁও গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে এবং বালিয়াডাঙ্গী উপজেলার মাঝকুড়িয়া দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে নিজ বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক আনিসুর রহমান ও তার স্ত্রী মোছা. শাহানাজ আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় স্ত্রী শাহানাজ আক্তার তার স্বামীর তলপেটে সজোরে লাথি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এসময় পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় পল্লীচিকিৎসক এবং পরবর্তীতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর ভোরে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছেলে মো. আবু সাইম সাজু বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় তার মায়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190684