বগুড়ায় ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র ৩৯ বছর পদার্পণে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন

বগুড়ায় ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র ৩৯ বছর পদার্পণে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দধারা বহিছে ভুবনে’ আজ বুধবার (১১ নভেম্বর) বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত নৃত্যগুরুকে উৎসর্গ করে এবং তার স্মরণে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠনের শিল্পীরা ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানের সঙ্গে একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করেন।

পাশাপাশি সংগঠনের শিশুশিল্পীরা ৩৯টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন সংগঠনের শিল্পীদের সঙ্গে নিয়ে ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন।

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন, ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বিআইআইটি’র পরিচালক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, উচ্চারণ একাডেমির পরিচালক পলাশ খন্দকার, লায়ন অদিতি সিনহা এবং সুমনা ইয়াসমিন সুমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৩৯ বছরের এই গৌরবময় পথচলায় অতিথিবৃন্দ সংগঠনের বিগত দিনের সাংস্কৃতিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

কথা, কবিতা ও নৃত্যের অপূর্ব সমন্বয়ে সাজানো হয় ‘আনন্দধারা বহিছে ভুবনে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানটি। এতে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় শিল্পীরা চমৎকার দলীয় নৃত্য এবং মননশীল নৃত্যালেখ্য ‘বৃদ্ধাশ্রম’ পরিবেশন করেন। অন্যদিকে, লায়ন আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ এবং তাসনিম ত্রয়ী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190681