বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে সাতটি খড়ের গাদা ভস্মীভূত

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে সাতটি খড়ের গাদা ভস্মীভূত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান ও তার ভাইয়ের সাতটি খড়ের গাদা পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভাটরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এঘটনা ঘটে।

পুড়ে যাওয়া খড়ের গাদায় প্রায় ১০ বিঘা জমির ধানের খড় ছিল বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান জানান, আমার ও আমার ভাইয়ের প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) দুুপুরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190671