বগুড়ার নন্দীগ্রামে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ বাড়ছে, ফসল রক্ষায় ব্যস্ত কৃষক

বগুড়ার নন্দীগ্রামে আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ বাড়ছে, ফসল রক্ষায় ব্যস্ত কৃষক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: আর মাত্র কয়েক দিন পরেই বগুড়ার শস্যভান্ডারখ্যাত নন্দীগ্রাম উপজেলায় শুরু হবে আমন ধান কাটা ও মাড়াই। মাঠের পর মাঠ জুড়ে দুলছে সোনালি ও হালকা সবুজ ধানের শীষ। বছরভর পরিশ্রমের ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকেরা।

তবে ধান কাটার আগমুহূর্তে বিভিন্ন মাঠে দেখা দিয়েছে ক্ষতিকর বাদামি গাছফড়িং, যা স্থানীয়ভাবে ‘কারেন্ট পোকা’ নামে পরিচিত। গত কয়েক বছরের তুলনায় এবার এ পোকার আক্রমণ বেশি হওয়ায় ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে বালাইনাশক স্প্রে করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপজেলার নির্দিষ্ট কোনো এলাকায় নয়, কমবেশি পুরো উপজেলাতেই কারেন্ট পোকার উপস্থিতি দেখা যাচ্ছে। তবে কিছু কিছু জমিতে আক্রমণের মাত্রা বেশি। ফলে ধান ঘরে তোলার আগমুহূর্তে পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা, শিমলা, বুড়ইল ইউনিয়নের সিধইল, পৌর এলাকার ফোকপালসহ বিভিন্ন এলাকার ধানের মাঠ ঘুরে দেখা গেছে, পিঠে স্প্রে মেশিন নিয়ে জমিতে বালাইনাশক প্রয়োগ করছেন কৃষকেরা। কেউ একা, আবার কেউ দলবদ্ধভাবে ফসল রক্ষায় কাজ করছেন। ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলছে এ কর্মযজ্ঞ। কৃষকদের আশঙ্কা, শেষ মুহূর্তে পোকার আক্রমণ ছড়িয়ে পড়লে কাক্সিক্ষত ফলন ব্যাহত হতে পারে।

এ বিষয়ে কথা হয় নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষক রেজাউল করিম কামালের সঙ্গে। তিনি এবার প্রায় ৫০ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি বলেন, ধানের শীষ এখন পুষ্ট হতে শুরু করেছে। এ সময় পোকার আক্রমণ কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। দলগাছা, শিমলাসহ সদর ইউনিয়নের বিভিন্ন মাঠে বিক্ষিপ্তভাবে কারেন্ট পোকার উপস্থিতি দেখা যাচ্ছে।

তবে কৃষকেরা সচেতন রয়েছেন। পোকা ছড়িয়ে পড়া ঠেকাতে তারা নিয়মিত জমিতে বালাইনাশক স্প্রে করছেন। নিজের ৫০ বিঘা জমির ফসলও সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও কৃষকদের সতর্ক করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ কিছুটা বেশি। অতিরিক্ত গরম ও অনাবৃষ্টির কারণে এ পোকার উপদ্রব বেড়েছে। উপজেলার নির্দিষ্ট কোনো এলাকায় নয়, পুরো উপজেলাতেই কমবেশি পোকার উপস্থিতি রয়েছে। তবে কিছু জমিতে আক্রমণের মাত্রা বেশি। বিশেষ করে যেসব কৃষক সচেতন নন এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ করেন না, তাদের জমিতে পোকার আক্রমণ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, কারেন্ট পোকা দমনে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আমি নিজে ও উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ নিয়মিত মাঠে গিয়ে ধানের অবস্থা পর্যবেক্ষণ করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190668