চায়ের দোকানে বসে নাশকতার পরিকল্পনা, গ্রেফতার ৫
মফস্বল ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে একই দিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার অন্য চারজন হলেন উপজেলার তারাটি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন।
পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে সদর থানা ও মুক্তাগাছা থানায় খবর দেন। পরে দুই থানার পুলিশের সমন্বয়ে তাদের গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ওসি আরও বলেন, মুক্তাগাছায় নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন ঘটনার বিষয়ে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং এ কাজে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য দিয়েছেন।
জাহিদুল ইসলাম বিটুলের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি কামরুল ইসলাম। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিটুলকে গ্রেফতার দেখানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190665