যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মফস্বল ডেস্ক : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে (৩৮) আটক করেছে পুলিশ।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর অতর্কিত হামলা চালান একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ। এ সময় ধারালো হাঁসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার পরপরই শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় নয়ন হোসেন জানান, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশে একটি জমি কেনে, যা শফিয়ার কিনতে চেয়েছিলেন। মূলত ওই জমি কেনা নিয়েই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলছিল। এলাকাবাসীর ধারণা, শফিয়ার মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত অবস্থায় পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190651