পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ডিএসপিসহ ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ডিএসপিসহ ১০ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে সন্ত্রাসীদের গুলিতে এক ডিএসপিসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তারা কোহাটের গাম্বাতে একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যান। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, পুলিশের দলটি অবৈধ মাইনটিতে অভিযান চালাতে যাচ্ছিলেন। তখনই তাদের টার্গেট করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে হামলাকারীরা পাহাড়ের ওপর থেকে গুলি ছুড়েছে। এতে ১০ জন নিহত ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে থাকা ডিএসপির নাম হাইদার জামান বলে জানিয়েছেন তিনি। এছাড়া মুখতিয়ার নামে একজন এসআইও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।

হামলাকারীরা অব্যাহতভাবে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এর জবাবে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়।

গোলাগুলির পর সেখানে এখন উত্তেজনা চলছে এবং নিরাপত্তা বাহিনীর আরও সদস্যরা যাচ্ছেন।

এ ঘটনায় এত হতাহতের ঘটনা ঘটেছে যে স্থানীয় ডিস্ট্রিক হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়বে কি না তা জানাননি কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব।

খাইবার পাখতুনখাওয়া পাকিস্তানের অন্যতম একটি পাহাড়ি অঞ্চল। যেখানে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন সক্রিয় রয়েছে। তারা মাইনিংসহ বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে থাকে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190648