রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। আর ২০ ফেব্রুয়ারি এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুটি সময়ে অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উচ্চমাধ্যমিকের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিন পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/) পাওয়া যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190634