প্রায় দুই যুগ পর মেসি-রোনালদো ছাড়া ফিফা’র উইন্ডো শুরু
স্পোর্টস ডেস্ক : মেসি-রোনালদোবিহীন নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব ফুটবল। প্রায় দুই যুগ পায়ের জাদুতে বিশ্ব ফুটবলকে মোহিত করে রেখেছিলেন ইতিহাসের অন্যতম সেরা এ দুই তারকা। তাদের দুজনের ব্যক্তিগত প্রতিযোগিতায় ফুটবল হয়ে উঠেছিল আরও সুন্দর ও শৈল্পিক।
কাকতালীয়ভাবে দু’জন বিদায়ও নিলেন প্রায় একই সময়ে। তাদের ছাড়া কি আগের জৌলুস বজায় রাখতে পারবে ফুটবল? ৯ নভেম্বর শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি, তবে বড় দলগুলো মাঠে নামবে ১২ নভেম্বর থেকে। গত বিরতির মতো এবার এতটা দীর্ঘ নয়, সপ্তাহখানেকের এই বিরতিতে সাফ ফুটবল ছাড়া প্রায় দেশই দুটি করে ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচে আবার চোটের কারণে বেশ কজন তারকা খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, গ্রানাইত শাকা, ভার্জিল ফন ডাইক চোটের কারণে অনিশ্চিত।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন গত ৩১ আগস্ট। তিনি বিদায়ী ম্যাচটি খেলেন সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৬ অক্টোবর। বুয়েন্স আয়ার্সে বিশাল আড়ম্বরে বিশ্বকাপজয়ী এ মহাতারকাকে বিদায় জানায় আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী এ তারকা এখন থেকে কেবল ক্লাব ফুটবল খেলবেন। সে তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়টা বেশ বেদনাবিধুর। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এ তারকা সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে কোচের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। এর জেরে তাকে নিষেধাজ্ঞাও দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ৫ নভেম্বর সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এ তারকা।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। রোনালদোও এখন থেকে শুধু ক্লাব ফুটবল খেলবেন। মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৪ নভেম্বর বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে, এরপর ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। দুটিই প্রীতি ম্যাচ। আর রোনালদোর বিদায়ের পর উয়েফা নেশনস লিগের ম্যাচে ১৫ নভেম্বর পর্তুগাল মুখোমুখি হবে ডেনমার্কের, তিন দিন পর ওয়েলশের বিপক্ষে খেলবে তারা।
মেসি-রোনালদো বিদায়ের পর বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এখন লামিনে ইয়ামাল। তবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে চেক রিপাবলিকের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না স্পেন। বিশ্বচ্যাম্পিয়নরা ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবালকেও পাচ্ছে না। লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ওইয়ারসাবাল ফ্লু আক্রান্ত। দুজনকেই আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার আশা করছে স্পেন। নেশনস লিগে চার ম্যাচের সবকটি জিতে নিজেদের গ্রুপে শীর্ষে আছে স্পেন। সেপ্টেম্বর-অক্টোবরের বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতে তিনটি প্রীতি ম্যাচ খেলা ব্রাজিল আবার এশিয়াতে আসছে।
১৪ ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটিতে রাফিনহার খেলা নিয়ে বার্সেলানার সঙ্গে ব্রাজিল ম্যানেজমেন্টের ভালোই টানাপোড়েন চলেছে। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন রাফিনহা। দুই ম্যাচেই তিনি খেলবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190628