দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়া ব্যাটিং কোচ পেল শান্তরা

দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়া ব্যাটিং কোচ পেল শান্তরা

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জন্য একজন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রক্রিয়ায় যোগ হলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক ব্যাটার ডালে বেনকেনস্টাইন। জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এই সিরিজে কাজ ভালো করলে তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখতে পারে বিসিবি। 

অবশ্য এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আপাতত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বেনকেনস্টাইনকে নিয়ে এখনই কোনো পরিকল্পনা করা হয়নি।’

এ মুহূর্তে জাতীয় দলের কোচিং স্টাফে যোগ হলেন দুজন দক্ষিণ আফ্রিকান। সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা নিয়োগ পেয়েছেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। তার নতুন সঙ্গী বেনকেনস্টাইনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। সবচেয়ে বেশি কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লোস্টারশায়ার এর মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচ ছিলেন তিনি। বাংলাদেশে  দক্ষিণ আফ্রিকান কোচরা সাধারণত ভালো কাজ করেন। 

তামিম ইকবালদের পছন্দের ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকিঞ্জে। পারিবারিক কারণে বিসিবির চাকরি ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছিলেন তিনি। ফিল্ডিং কোচ ছিলেন রায়ান কুক। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুই মেয়াদে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। দেশটির সবচেয়ে বড় তারকা অ্যালান ডোনাল্ড পেস বোলিং কোচ হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন।

বেনকেনস্টাইনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বাংলাদেশ। ১৯৯৮ সালে ‘মিনি বিশ্বকাপ’খ্যাত উইলস ইন্টারন্যাশনাল কাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ২৩টি ওয়ানডে খেলে ৩০৫ রান করেছেন। তবে ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৫ হাজার ৯৬২ রান করেছেন। ৩০০ লিস্ট এ ম্যাচ খেলে ৭ হাজার ৩০৮ রান করেছেন। আর ৯৯টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। ফলে তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা ও কাজের অভিজ্ঞতা মিলিয়ে দারুণ প্যাকেজ হতে পারেন বেনকেনস্টাইন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190624