সড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলেন ছেলে, পরে মৃত্যু

সড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলেন ছেলে, পরে মৃত্যু

মফস্বল ডেস্ক : ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে রনি দে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল দে (৫৫) ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে বাবুল ফার্মেসি নামে একটি ওষুধের দোকান চালাতেন।

স্থানীয় বাসিন্দা প্রিন্সেস রুদ্র জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় তার ছেলে রনি দে বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলে গিয়েছিল। পরে রনি দে স্থানীয় লোকজনের সহায়তায় বাবাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ডুলাহাজারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটির সন্ধান নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190617