নেতানিয়াহুকে সরাতে সমঝোতায় পদ ভাগাভাগি বিরোধীদের

নেতানিয়াহুকে সরাতে সমঝোতায় পদ ভাগাভাগি বিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক : নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলে নতুন সরকার গঠনের পথ সহজ করতে নিজেদের মধ্যে ঐক্য গড়ার পাশাপাশি পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোও ভাগ করে নিচ্ছে বিরোধীরা। এ লক্ষ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বে পাঁচ বিরোধী নেতা পদ বণ্টনে সমঝোতায় পৌঁছেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের আইজেনকট বলে, বর্তমান জটিল পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সরকার গঠনে সে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নাফতালি বেনেট, ইয়াইর গোলান, আভিগদর লিবারম্যান ও ইয়াইর লাপিদের সঙ্গে সমঝোতা করেছে সে। পার্লামেন্টের ২৬তম অধিবেশনে গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য প্রার্থীদের নামও চূড়ান্ত করেছেনতারা। সমঝোতা অনুযায়ী, হাউজ কমিটির চেয়ারম্যান পদে রয় ফোকম্যান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান পদে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এবং অর্থ কমিটির চেয়ারম্যান পদে লিরান আভিসার বেন হোরিনকে প্রস্তাব করা হয়েছে।

এর আগে, গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেয়। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। ফলে, সরকার গঠনের জন্য দুই পক্ষকেই অন্য দলগুলোর সমর্থন প্রয়োজন।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকট ২৮ দিন সময় পাবে। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। এ সময়ে জোট গঠনে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে, নির্বাচনে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট অভূতপূর্ব ১৯টি আসন পেয়েছে। আরব ভোটারদের ভোটদানের হার বেড়ে যাওয়ায় দল দুটি এই সাফল্য পেয়েছে।

ইউনাইটেড আরব লিস্ট আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে আগ্রহী। অন্যদিকে, জয়েন্ট লিস্ট বাইরে থেকে সংসদীয় সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে, এ সমর্থন পেলেও আইজেনকটের জন্য সরকার গঠন সহজ হবে না। তার জোটের তিনটি দল আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে। এছাড়া, আভিগদর লিবারম্যানও আরব সংসদ সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকারে যোগ দিতে এখন পর্যন্ত রাজি হননি। সূত্র : এনডিটিভি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190609