আশুলিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
মফস্বল ডেস্ক : ত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন পর্যন্ত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে যান। তবে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন ও ইয়াগি বাংলাদেশ লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার নিচে অবস্থান নেন। পরে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেরন ছয়তলা এলাকায় সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা শিল্প পুলিশ-১-এর এপিসিতে হামলা চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা বিভিন্ন গলিতে প্রবেশ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ সদস্যরা গলিতে প্রবেশ করে সেখানেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
বর্তমানে শ্রমিকরা শিল্পাঞ্চলের বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190608