পাবনার গ্রামীণ ব্যাংক অফিসে জয়বাংলা স্লোগান দিয়ে আগুন
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবী, দুর্বৃত্তরা জয়বাংলা স্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেল রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এসময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।