বগুড়ার নন্দীগ্রামে ছয় হাজারের বেশি খেজুর গাছে রস সংগ্রহের প্রস্তুতি

বগুড়ার নন্দীগ্রামে ছয় হাজারের বেশি খেজুর গাছে রস সংগ্রহের প্রস্তুতি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গাছিরা। কয়েক দিনের মধ্যেই উপজেলার ছয় হাজারেরও বেশি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হবে। তবে দীর্ঘ পরিশ্রম ও নানা উপকরণের খরচের তুলনায় এ পেশায় লাভের পরিমাণ খুব বেশি নয়।

উপজেলার ভাটরা ইউনিয়নের দামগাড়া মির্জাপুর এলাকায় দেখা যায়, খেজুর গাছগুলো প্রস্তুত করছেন গাছিরা। তারা জানান, কার্তিক মাসের ১৫ তারিখের পর থেকে শুরু হয় রস সংগ্রহ। সংগৃহীত রস জ্বাল দিয়ে তৈরি হবে ঝোলা, পাটালি, দানা ও মধুটিকাসহ বিভিন্ন ধরনের গুড়।

উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা, শিমলা, দিঘীরপাড়, ডুবাতেঘর ও ডেরাহারসহ পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন গ্রামে রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করছেন গাছিরা। শিগগিরই শুরু হবে রস সংগ্রহ। দামগাড়া মির্জাপুর গ্রামের মঞ্জুর রহমান (৫৭) প্রায় ৩০ বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করছেন। এ বছর তিনি ৪০টি গাছ প্রস্তুত করেছেন।

এরমধ্যে ৫টি নিজস্ব, বাকি ৩৫টি বর্গা নিয়েছেন। প্রতিটি গাছের বিপরীতে মালিককে আড়াই কেজি করে গুড় দিতে হয়। মঞ্জুর রহমান বলেন, গাছ চাঁছতে ১৩০ টাকা, রস সংগ্রহের হাঁড়ি কিনতে ৩০ টাকা খরচ হয়। দুপুরের পর থেকে প্রায় চার ঘণ্টা সময় লাগে ৪০টি গাছে হাঁড়ি লাগাতে। প্রতিটি গাছ থেকে মৌসুমে প্রায় ১১ কেজি গুড় তৈরি করা যায়।

সে হিসেবে ৪০টি গাছ থেকে প্রায় ৪৪০ কেজি গুড় উৎপাদনের আশা করছেন তিনি। একই গ্রামের আব্দুল হাকিম (৪০) এ বছর শতাধিক খেজুর গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করেছেন। তিনি বলেন, রস সংগ্রহ থেকে গুড় তৈরি পর্যন্ত প্রতিটি ধাপে পাঁচ থেকে ছয়জন মানুষের প্রয়োজন হয়। প্রতিটি গাছ থেকে প্রায় চার কেজি রস পাওয়া যায়।

চার কেজি রস দিয়ে এক কেজি ঝোলা গুড়, ছয় কেজি রস দিয়ে এক কেজি পাটালি গুড় তৈরি হয়। আব্দুল হাকিম আরও বলেন, বর্তমানে প্রতি কেজি ঝোলা গুড় ২০০ থেকে ২২০ টাকা, পাটালি ২৫০ থেকে ২৮০ টাকা এবং দানা গুড় ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। রস জ্বাল দিতে খড়ি, খড়, ঘুটে ও তুষের প্রয়োজন হয়। এসব উপকরণের খরচের পাশাপাশি শ্রমিকের মজুরিও রয়েছে।

সব খরচ বাদ দিয়ে তেমন লাভ থাকে না। তবুও বাপ-দাদার পেশা ধরে রেখেছেন তিনি। স্থানীয়ভাবে জানা যায়, একই গ্রামের আব্দুল খালেক ৪৫টি এবং নজরুল ইসলাম ৪০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন। তারা জানান, উপজেলায় সব মিলিয়ে ছয় হাজারেরও বেশি খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে রস সংগ্রহ করা হয়।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। একসময় শীত এলেই বাড়িতে বাড়িতে রস সংগ্রহ, গুড় তৈরি ও পিঠা-পুলির আয়োজন চলত। সময়ের পরিবর্তনে অনেক এলাকায় খেজুর গাছ ও গাছির সংখ্যা কমেছে। এ ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, খেজুর গাছ গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। খেজুরের রস ও গুড় উৎপাদনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলো শীত মৌসুমে বাড়তি আয়ের সুযোগ পায়। এ সম্ভাবনা কাজে লাগাতে খেজুর গাছ সংরক্ষণ, নতুন গাছ রোপণ এবং নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহে গাছিদের সচেতন করা প্রয়োজন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190592