ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিরাময় করা সম্ভব?

ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিরাময় করা সম্ভব?

ডায়াবেটিস ধরা পড়লেই কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে? নাকি খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব? এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘদিন চলতে থাকলে চোখ, কিডনি, হৃদযন্ত্র ও স্নায়ুর ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

এমনকি বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকিও। তবে আশার কথা, রোগের একেবারে গোড়ায় সতর্ক হলে এবং নিয়ম মেনে চললে টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হতে পারে। কিছু ক্ষেত্রে ওষুধ ছাড়াও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক সময়ে পদক্ষেপ এবং চিকিৎসকের পরামর্শ।

ডায়াবেটিস হওয়ার আগেই শরীর দেয় সতর্কবার্তা

ডায়াবেটিস হওয়ার আগে অনেকের শরীরে দেখা দেয় প্রি-ডায়াবেটিস। এই পর্যায়ে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কিন্তু তা এখনও ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছয় না। বিশেষজ্ঞদের মতে, এই সময়টিই নিজেকে শুধরে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। কারণ, এই পর্যায়ে খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণের মতো বিষয়ে নজর দিলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তাই রক্তে শর্করার মাত্রা সামান্য বাড়লেই আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া জরুরি। নিয়মিত রক্তপরীক্ষা করানো, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনা ভবিষ্যতের বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে।

টাইপ ২ ডায়াবেটিস কি পুরোপুরি সারানো সম্ভব?

টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু মানুষের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ডায়াবেটিস রেমিশন। বিশেষত রোগের প্রাথমিক পর্যায়ে ওজন কমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এমন ফল পাওয়া যেতে পারে।

তবে রেমিশন মানেই ডায়াবেটিস চিরতরে নির্মূল হয়ে যাওয়া নয়। রক্তে শর্করার মাত্রা আবার বেড়ে যেতে পারে। তাই নিয়মিত পরীক্ষা ও চিকিৎসকের পর্যবেক্ষণ প্রয়োজন। অন্যদিকে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে গেলে বা রক্তে শর্করার মাত্রা অত্যধিক বেড়ে গেলে ওষুধ কিংবা ইনসুলিনের প্রয়োজন হতে পারে। জীবনযাত্রায় পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রে ওষুধের প্রয়োজন কমতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওভাবেই ওষুধ বন্ধ করা উচিত নয়।

সব ধরনের ডায়াবেটিস কি একই রকম?

ডায়াবেটিসের ধরন এবং হওয়ার কারণের উপর চিকিৎসা ও নিয়ন্ত্রণের পদ্ধতি নির্ভর করে। যেমন, কিছু ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। চিকিৎসকের পরামর্শে সেই ওষুধের মাত্রা পরিবর্তন বা বিকল্প চিকিৎসার ব্যবস্থা করলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসতে পারে।

আবার অগ্ন্যাশয়ের বিটা কোষ ক্ষতিগ্রস্ত হলে বা শরীরে ইনসুলিন তৈরির ক্ষমতা কমে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত নিয়মিত ইনসুলিন প্রয়োজন হয়। জিনগত কারণেও ডায়াবিটিসের ঝুঁকি বাড়তে পারে। তাই সবার ক্ষেত্রে একই নিয়মে ওষুধ বন্ধ করা বা চিকিৎসা করা সম্ভব নয়।

এছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকের গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ে। সন্তান প্রসবের পর অনেকের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে যায়। তবে পরবর্তী সময়ে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তাদের মধ্যে তুলনামূলক বেশি থাকে। তাই প্রসবের পরেও নিয়মিত রক্তপরীক্ষা জরুরি।

ওষুধের ওপর নির্ভরতা কমাতে বদল আনুন যেসব অভ্যাসে

খাবারের তালিকায় রাখুন প্রোটিন ও ফাইবার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ভাত, রুটি, মিষ্টি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়ার অভ্যাস কমাতে হবে। তার পরিবর্তে খাদ্যতালিকায় ডাল, ডিম, মাছ, মুরগির মাংস, শাকসবজি এবং ফাইবারসমৃদ্ধ খাবার রাখতে পারেন। তবে কার্বোহাইড্রেট একেবারে বাদ দেওয়া ঠিক নয়। পরিমাণ ও খাবারের ধরন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করা ভালো।

প্রতিদিন শরীরচর্চা করুন

শরীরচর্চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা হালকা ব্যায়াম করতে পারেন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার অভ্যাসও বদলাতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

চিনি ও জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন

মিষ্টি, কোমল পানীয়, প্যাকেটজাত ফলের রস, কেক, বিস্কুট এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। কৃত্রিম মিষ্টি ব্যবহার করলেই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, এমন ধারণাও ঠিক নয়। বরং ধীরে ধীরে মিষ্টির প্রতি নির্ভরতা কমানো এবং সুষম খাবারের অভ্যাস তৈরি করা জরুরি।

ধূমপান ও মদ্যপান ছাড়ুন

ধূমপান ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির হৃদরোগ, রক্তনালির সমস্যা ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। মদ্যপানের ক্ষেত্রেও রক্তে শর্করার ওঠানামা হতে পারে। তাই সুস্থ থাকতে ধূমপান ছাড়ার পাশাপাশি মদ্যপান এড়িয়ে চলা ভালো।

পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন

রাত জেগে মোবাইল দেখা, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকা এবং অনিয়মিত ঘুম শরীরের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭-৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। পাশাপাশি মানসিক চাপ কমাতে হাঁটাহাঁটি, ধ্যান কিংবা পছন্দের কাজে সময় কাটাতে পারেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি সতর্কতা

জীবনযাত্রায় পরিবর্তন ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলেও তা সব ক্ষেত্রে ওষুধের বিকল্প নয়। বিশেষত টাইপ ১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধ করা বিপজ্জনক হতে পারে। টাইপ ২ ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে এলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের মাত্রা কমানো বা বন্ধ করা উচিত নয়।

সঠিক সময়ে রোগ শনাক্ত করা, নিয়মিত পরীক্ষা, পরিমিত খাবার, শরীরচর্চা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সুস্থ থাকার চাবিকাঠি। ডায়াবিটিসকে ভয় না পেয়ে বরং প্রথম থেকেই সচেতন হোন। কারণ, ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাহায্য করতে পারে।

সূত্র: এনডিটিভি, হেলথলাইন

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190588