বগুড়ার বাবুর পুকুর গণহত্যা দিবস : স্মৃতিস্তম্ভ ‘বিমূর্ত পাজর’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখা জরুরি
স্টাফ রিপোর্টার : স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেল। দেশের জন্য একরাতে হানাদার বাহিনীর হাতে জীবন দিয়েছিলেন ১৪ টি তাজা প্রাণ। এতগুলো বছরেও দেখে যেতে পারলাম না, তারা শহিদ।’ আর আমরা তার পরিবার। জীবন সায়াহেৃ এসে এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলেছেন বগুড়ার বাবুর পুকুর হত্যাকান্ডে শাহাদতবরণকারী দুইজন শহিদের স্ত্রী লাইলী বেগম ও রাজেকা বেগম। ১১ নভেম্বর। বগুড়া বাবুর পুকুর গণহত্যা দিবস।
১৯৭১ সালের এই দিনে এদেশীয় দোসরদের সহায়তায় পাকিস্তানী হানাদারবাহিনীর হাতে বাবুরপুকুর বধ্যভূমিতে নৃশংসভাবে শহরের ঠনঠনিয়াসহ আশেপাশের কয়েকটি এলাকা থেকে শহিদ হন ১৪ জন মুক্তিযোদ্ধা। স্বজনরা জানান, স্বাধীনতার এত বছর পরেও মেলেনি শহিদ পরিবারের স্বীকৃতি।
এ অবস্থায় দীর্ঘদিন স্বীকৃতির আশায় আশায় থেকে শহিদ পরিবারের প্রায় সবাই চলে গেছেন না ফেরার দেশে। মুক্তিযুদ্ধে ভারতে ট্রেনিং না নেয়ায় পাক হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করা শহিদদের গেজেটে নাম না থাকলেও দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে শহীদের স্বীকৃতিপত্রেই শুধু শহিদ পরিবারের মর্যাদা দেয়া হয়েছিল। আর শহিদদের জন্য এলাকার নামকরণ করা হয়েছিল ঠনঠনিয়া শহীদনগর।
আজও ওই রাতের কথা বলতে গিয়ে বেঁচে থাকা স্বজনদের আতংক ফুটে ওঠে চোখে মুখে। তারা জানান, সেদিন ছিল রমজান মাসের ২১ তারিখ। সেহেরি খাওয়ার জন্য উঠেছে রোজাদার মানুষ। অনেকে খাওয়া শুরু করেছে। ঠিক সেই সময় রাজাকারদের সাথে নিয়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা শহরের ঠনঠনিয়া, শাহপাড়া, মন্ডলপাড়া, হাজিপাড়া ও পশারীপাড়ায় হানা দেয়।
সেখান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা হান্নান পশারী ও তার ছোটভাই মান্নান পশারী, সাইফুল ইসলাম, ন্যাপ কর্মী ওয়াজেদুর রহমান টুকু, আলতাফ আলী, বাচ্চু শেখ, দুই ভাই জালাল মন্ডল ও মন্টু মন্ডল, আব্দুস সবুর, ভোলা মন্ডল, আব্দুর কাদের বাদশা, ফজলুর রহমান খান ফজলু, মোফাজ্জল হোসেন আবুল এবং একমাত্র নারী শহিদ বগুড়া টিএন্ডটির অপারেটর নুরজাহান ছাড়াও অজ্ঞাত পরিচয়ের ১৪জনসহ আরও ৭ জনকে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়।
এরপর তাদের জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের তিতখুর গ্রামের বগুড়া-নাটোর সহাসড়কের পাশে বাবুর পুকুরে নিয়ে যায়। সেখানে নিয়ে শান্তি কমিটির নেতা ১৪ জনকে চিহিৃত করে দেয়ার পর ৭ জনকে ছেড়ে দেয়া হয়। এরপর সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে ফেলে রেখে যায় হানাদার বাহিনী। পরের দিন ভোরের আলো ফোটার পর ভয়ে ভয়ে আশে পাশের গ্রামের লোকজন সেখানে আসে। তাদের মধ্যে অনেকেই এখনও জীবিত আছেন।
তারা জানান, ফজরের পর নামাজের পর গুলির শব্দে কেঁপে উঠে এলাকা। ভয়ে গোটা এলাকার মানুষ এক জায়গায় জড়ো হয়। এত নৃশংস হত্যাকান্ড দেখেনি কেউ। সবার মাথা লক্ষ্য করে একাধিক গুলি করা হয়েছিল। এতে অনেকের মাথার মগজ বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
অনেকের শরীর থেকে তখনও রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। পরে খোঁজ করতে আসা শহিদের পরিবারের লোকজনকে সাথে নিয়ে সেখানেই পুকুরের পারে তাদের মাটি দেয়া হয়। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এই ১৪ জনকে শহিদ হিসেবে একটি স্বীকৃতিপত্র ও প্রতি পরিবারকে ২ হাজার টাকা করে দেওয়া হয়। সেই সময় মুক্তিযুদ্ধে নিহত এই শহিদদের স্মরণীয় করে রাখতে স্থানীয় তিতখুর গ্রামের আলতাফ হোসেন, এড. আলতাফ উদ্দিন, এড. রাশেদুর রহমান মরিস, আলাউদ্দিন মাস্টার ১৫ শতক জমি দান করেন।
পরবর্তীতে বগুড়া প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর অব্যাহত দাবির প্রেক্ষিতে বগুড়া জেলা পরিষদ বাবুরপুকুরে ১৪ শহীদের স্মৃতিরক্ষায় স্বাধীনতার ৩৮ বছর পর নির্মাণ করা হয় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ‘বিমূর্ত পাজর’। এটি তৈরি করেন বিশিষ্ট ভাস্কর শিল্পী অণীক রেজা।
দীর্ঘ ৫৫ বছরের ব্যবধানে শহিদের স্ত্রীদের মধ্যে মাত্র ২ জন বেঁচে আছেন। তাদের একজন শহীদ টুকুর স্ত্রী লাইলী বেগম ও ফজলুর স্ত্রী রাজেকা। তারা বলেন, তাদের স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু ভারতে ট্রেনিং নেননি। এ্ই কারণেই তার স্বামীসহ অন্যরা শহিদের স্বীকৃতি পাননি।
তারা আরও বলেন সরকারিভারে বাবুরপুকুরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে তা যেন অনেকটাই অবহেলিত। দেশের জন্য অকাতরে প্রাণ দেয়া এই শহিদদের কবরকে সম্প্রসারণ করাসহ আরও কিছু স্থাপনা নির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত করা জরুরি বলে জানান স্বজনরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190585