জয়পুরহাটের কালাইয়ে স্কুলের শ্রেণিকক্ষে আলুর স্তুপ ব্যাহত হচ্ছে পাঠদান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক সপ্তাহ ধরে আলু মজুত করায় পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আব্দুল হামিদের বিরুদ্ধে।
হিমাগার থেকে আলু এনে শ্রেণিকক্ষের মেঝেতে ছেড়ে দিয়ে বিদ্যালয়ের বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করছে। আলুগুলো শুকানোর পর মেঝেতে স্তুপ করে রেখেছে। এতে করে গত এক সপ্তাহ ধরে ওই বিদ্যালয়ের একটি ঘরে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা ক্লাস না করেই বাড়ি ফিরে গেছে। শ্রেণিকক্ষে আলু রেখে ফ্যান চালানোর দৃশ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ায় বিভিন্ন মহলে হৈইচৈই পড়েছে।
উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, নৈশ্যপ্রহরী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলামের সাথে কথা বলেই ওই ঘর ব্যবহার করেছে নৈশ্য প্রহরী। অথচ শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ঘরের অভাবে পাঠদান না করেই বাড়ি ফিরে গেছে।
ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কালিপূজার জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। মাঠ সংলগ্ন বিদ্যালয় ভবনের একটি পাকা কক্ষের মেঝেতে হিমাগার থেকে তুলে আনা আলু শুকাতে সেডের মত ছেড়ে দেওয়া হয়েছে। বাহির থেকে ফ্যান চালানোর শব্দ শোনা যাচ্ছে। কিছু আলু বস্তাভর্তি রয়েছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ব্রেঞ্চ ও হাই ব্রেঞ্চ এবং শিক্ষকের বসার টেবিল-চেয়ারগুলো একপাশে সরিয়ে রাখা হয়েছে, ফলে শ্রেণিকক্ষে পাঠদানের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।
স্থানীয়রা জানান, শুধু যে এবারই প্রথম, তা নয়। এর আগেও নৈশ্য প্রহরী ধান রেখেছিলেন। যেকোনো ফসল আসলেই তিনি বিদ্যালয়ের ঘরগুলো বাড়ির মত ব্যবহার করেন। অনেক সময় মাসের পর মাস ধরেও এই ঘরগুলো তিনি ব্যবহার করেন। আলুগুলো না সরানোয় নিয়মিত পাঠদান হচ্ছে না।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসতে না পেরে বাধ্য হয়ে ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছে। অথচ প্রতিদিন শিক্ষার্থীরা বাড়ি থেকে বিদ্যালয়ে আসছে, ঘরের অভাবে পড়াশুনা না করেই তারা ফিরে যাচ্ছে। স্কুল শিক্ষার্থী সোমাইয়া খাতুন বলেন, আমরা স্কুলে আসি কিন্তু ক্লাস হয় না। হাজিরা দিয়ে বাজারের মধ্যে হৈইচৈই করে দুপুর হলে আমরা বাড়ি ফিরে যেতে হচ্ছে।
অভিযুক্ত নৈশ্য প্রহরী আব্দুল হামিদ বলেন, আমার বাড়িতে জায়গা না থাকায় আলুগুলো স্কুলের ঘরে রাখা হয়েছে। প্রধান শিক্ষককে বলে আলু রেখেছি। একদিন পর সেগুলো নিয়ে গেছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম বলেন, আসলে কি বলবো, আমাকে না বলেই সে বন্ধের দিনে ওই ঘরে আলু রেখেছে। পরেদিন সে আলুগুলো নিয়ে গেছে। ফ্যান চালানোর বিষয় আমার জানা নেই।
উপজেলা শিক্ষা অফিসার মোছা. মোর্শেদা খাতুনের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করে বেশ কয়েকবার কেটে দেন। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সাথে কথা হয়। তিনি বলেন, ফেসবুকে ভিডিও ছাড়ার বিষয়টি আমার জানা নেই। তবে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190584