বগুড়ায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগী, ফগার মেশিনে মশা নিধন কাজে আসছে না

বগুড়ায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগী, ফগার মেশিনে মশা নিধন কাজে আসছে না

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা সাংবাদিক মতিউল ইসলাম সাদী হঠাৎই জ্বরে আক্রান্ত হোন। প্রথমে সাধারণ জ্বর ভেবে তেমন গুরুত্ব দেননি। কিন্ত চার-পাঁচদিনেও জ্বর না ছাড়ায় এবং শরীর অত্যন্ত দুর্বল লাগায় চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করে দেখেন প্লাটিলেটের মাত্রা ৫০ হাজারের ঘরে। অর্থাৎ তার ডেঙ্গু পজিটিভ।

ওই পরিবারের শুধু উনি একাই নন আরও সদস্যও একইভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিন্ত তারা হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন রোগী সনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ১০৮ জন রোগী চিকিৎসাধীন আছেন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯২১ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২ জন।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এই হাসপাতালে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৮৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং ২ জন মারা গেছেন।

এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে বর্তমানে ২৬ জন এবং বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। উপজেলা পর্যায়ের মধ্যে ধুনটে ২৪৬ জন এবং শেরপুরে ২০৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।

তবে সরকারি এই পরিসংখ্যানের বাইরে বাস্তব চিত্র ভিন্ন। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। বিশেষ করে শহরের মালতিনগর, রহমাননগর, জলেশ্বরীতলা, কাটনারপাড়া, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় এই রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শয্যা সংকটের কারণে অনেক রোগী ভর্তি হতে পারছেন না।

ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর চেয়ে অনেক বেশি রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সাংবাদিক মতিউল ইসলাম সাদী জানান, তারা বাড়ির আশে-পাশের প্রায় সব বাড়িতেই দুই তিনজন করে ডেঙ্গু রোগী রয়েছেন। যারা প্রত্যেকে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে শহরের মশা নিধনে ফগার মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া হলেও তা মশা তাড়াতে কার্যকর হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। সিটি কর্পোরেশনে বসবাসকারি অনেকেই অভিযোগ করছেন, মশা তাড়ানোর জন্য ফগার মেশিনের মাধ্যমে কেবল লোকদেখানো ধোঁয়ার সৃষ্টি করা হচ্ছে।

ফলে ধোঁয়া কমে যাওয়ার পর মশার উপদ্রব একই রকম থাকছে। সিটি কর্পোরেশনের দাবি অনুযায়ী প্রতিদিন স্প্রে ও ফগার মেশিন ব্যবহার করলেও মশা কমছে না কেনো। রাতে তো দূরের কথা দিনের বেলাতেও মশা কামড়ায়।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রতিদিনই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে। মশা নিধনে অবহেলার অভিযোগটি সঠিক নয়। প্রতিদিন পুরাতন ১২টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে যেমন ওষুধ ছিটানো হচ্ছে, পাশাপাশি স্প্রে মেশিন দিয়েও লার্ভা ধ্বংসের কাজ চলছে। এছাড়া সরকারি দুটি হাসপাতালেও প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধনের কাজ চলছে।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, ডেঙ্গু রোগী হাসপাতালে বা বাড়িতে যেখানেই চিকিৎসা নিন না কেন, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে এবং মশারি ব্যবহার করে আইসোলেশনে থাকতে হবে।

তিনি আরও বলেন, কেবল কর্তৃপক্ষের ওপর ভরসা না করে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। যার যার বাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান যদি নিজেরা সচেতন হয়ে পরিষ্কার রাখেন, তবে মশা উৎপাদনের মাত্রা অনেক কমে যাবে এবং ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190578