বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আ’লীগ ও যুবলীগের তিন নেতা কারাগারে
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নাশকতার পৃথক তিনটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গোসাইবাড়ী বাজার এলাকার আবুল হোসেন সরকারের ছেলে ও গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হান্নান নান্টু (৬২), সুলতানহাটা গ্রামের নুর মোহাম্মদ আকন্দের ছেলে আওয়ামী লীগ নেতা হানজালা (৩৮) ও হাসাঁপোটল গ্রামের নাজির হোসেনের ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কাজী আব্দুল হান্নান নান্টুকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
অন্যদিকে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এসময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ ও তার লোকজন মিছিলে বাধা দিলে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি রিপন সেখ বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হানজালাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলছিল।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়। হামলায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
একই সঙ্গে দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা কামাল পাশাকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190577