মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সহিংসতার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ৭৭ বছর বয়সী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। সোমবার নতুন পাসপোর্টের জন্য তার করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার এই পরিকল্পনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
• কেন পালিয়েছিলেন শেখ হাসিনা?
২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দীর্ঘ শাসনামলে ভিন্নমত দমন এবং গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করার ব্যাপক অভিযোগ উঠেছিল। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
সেই সময়ে অনেক বিরোধীদলীয় নেতা বিদেশে অবস্থান করতেন এবং বিরোধীরা প্রায়ই নির্বাচন বয়কট করত।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অপরাধে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। জাতিসংঘ বলছে, আন্দোলনে আইনশৃঙ্খলাবাহিনীর দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর দেওয়া এক নিষেধাজ্ঞার কারণে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন তারেক রহমান নিজেও লন্ডনে ছিলেন।
• নতুন ভ্রমণ নথির প্রয়োজন কেন হাসিনার?
হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তৎকালীন অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তার আইনজীবীরা নতুন নথির জন্য আবেদন করেন।
ই-মেইলে পাঠানো চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় দায়বদ্ধতা মেনে চলার দোহাই দিয়ে নথিগুলো ‘‘দ্রুত’’ দেওয়ার অনুরোধ করা হয়।
বাংলাদেশ সরকার বলছে, তারা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না এবং ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে তাকে হস্তান্তরের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, ‘‘আমরা কি তার সঙ্গে একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারীর মতো আচরণ করব এবং বলব যে এসে শ্বশুরবাড়ি ঘুরে যান?’’
এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত এপ্রিলে নয়াদিল্লি বলেছিল, তারা নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হতে এবং সম্পর্ক আরও জোরদার করার তাগিদে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সরকার চায় না যে হাসিনার প্রত্যাবর্তন কোনো রাজনৈতিক প্রদর্শনীতে রূপ নিক; যা তার সমর্থকদের চাঙ্গা করে তুলতে পারে।
• এরপর কী ঘটতে পারে?
আওয়ামী লীগ বলেছে, নথি থাক বা না থাক, আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা। বহু মানুষ প্রতিনিয়ত এই দীর্ঘ এবং আংশিক ঝুঁকিপূর্ণ সীমান্ত অবৈধভাবে পারাপার করে, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র না পেলে হাসিনা কীভাবে ফিরবেন সে বিষয়ে তিনি বা তার দল স্পষ্ট করে কিছু বলেনি।
সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীরা বলছেন, হাসিনা শিগগিরই তার পরিকল্পনার বিস্তারিত জানাবেন।
গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে ফিরলে কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে হত্যা করা হতে পারে। তিনি স্বেচ্ছায় ফিরে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছিলেন।
সূত্র: রয়টার্স।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190570