গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে নিজ বাড়িতে গৃহবন্দী হিসেবে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আগের এক নির্দেশের ওপর অ্যাটর্নি জেনারেলের তোলা আপত্তি খারিজ করে মঙ্গলবার আদালত ওই নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় তহবিল ‘১এমডিবি’ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে ৭৩ বছর বয়সী নাজিব রাজাক বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন। গত সেপ্টেম্বরে আদালতের এক আদেশে শর্তসাপেক্ষে ক্ষমা করা হয়েছিল মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রীকে। সেই সময় আদালত শর্ত হিসেবে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা দেওয়া হলে সাজার বাকি সময় তিনি নিজের বাড়িতেই কাটাতে পারবেন বলে জানিয়ে দেন।

নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও গত শুক্রবার পুরো জরিমানার অর্থ পরিশোধ করেছে। কিন্তু আইনি জটিলতাকে কারণ হিসেবে দেখিয়ে তার এই স্থানান্তরে বাধা হয়ে দাঁড়ান দেশটির অ্যাটর্নি জেনারেল।

পরে নাজিব রাজাকের আইনজীবী ও সরকারি প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক শেষে কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক আসলাম জয়নুদ্দিন নতুন নির্দেশ জারি করেন। তিনি বলেন, ‘‘ক্ষমা মঞ্জুরের আদেশ মেনে অভিযুক্ত ব্যক্তিকে তার কমিয়ে আনা ৬ বছরের বাকি সাজা গৃহবন্দী হিসেবেই পূর্ণ করতে হবে।’’

নাজিবের প্রধান আইনজীবী শফি আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার শেষ বিকেলেই নাজিব রাজাককে কারাগার থেকে তার নিজ বাড়িতে স্থানান্তরিত করার কথা রয়েছে।

এর আগে, শনিবার মালয়েশিয়ার রাজা বলেছিলেন, নাজিবের স্থানান্তরে বিলম্ব করে অ্যাটর্নি জেনারেল রাজকীয় আদেশকে অমান্য করছেন। তিনি বলেন, রাজকীয় ক্ষমার আদেশে কোনো অস্পষ্টতা ছিল না।

মালয়েশিয়ায় শত বছরের ঐতিহ্যবাহী ইসলামি রাজপরিবার থেকে আসা ৯টি রাজ্যের শাসকেরা প্রতি পাঁচ বছর পর পর পালাক্রমে দেশ শাসন করেন; যা দেশটির রাজনীতি ও সমাজে স্থিতিশীল ভূমিকা পালন করে।

২০২০ সালের জুলাইয়ে ১এমডিবি কেলেঙ্কারির প্রথম মামলায় নাজিবকে প্রথমে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে ক্ষমা বোর্ড সেই সাজা কমিয়ে অর্ধেক করে। তবে ১এমডিবি সম্পর্কিত অন্য এক মামলায় নাজিবের বিরুদ্ধে আরও ১৫ বছরের কারাদণ্ড রয়েছে, যা নিয়ে বর্তমানে আপিলে শুনানি চলছে।

সূত্র: এএফপি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190566