সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, হামলা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ, এই দেশ আমাদের সবার। ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে জীবন ও রক্তের বিনিময়ে। সেই ফ্যাসিবাদ সীমান্ত দিয়ে ঢুকবে, আর সরকারি দলের দায়িত্বশীল ব্যক্তিরা একেক সময় একেক রকম বক্তব্য দেবেন—এটা আমরা শুনতে চাই না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আমরা খুবই উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় নানা নাশকতামূলক কার্যক্রম চলছে। এমনকি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের সামনে, এসবির সদর দপ্তরের সামনে এবং থানার গেটে হামলার ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আজ সেখানে দুজন আহত হয়েছেন।
জামায়াত আমির বলেন, অতি সম্প্রতি সীমান্ত এলাকায় পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনাসদস্য জীবন হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। সর্বশেষ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ ও আগুন দেওয়া হচ্ছে। সরকারি দলের অফিসে হামলা, ভাঙচুর ও লুটতরাজ করা হচ্ছে। একই সাথে বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হামলা চালানো হচ্ছে।
বিরোধীদলীয় নেতা প্রশ্ন তুলে বলেন, এতগুলো ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকে কোথায় গ্রেপ্তার করেছে, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজনকে জনগণ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ থেকে কোথাও কিছু করেছে—এমনটা দেখা যাচ্ছে না।
শফিকুর রহমান বলেন, এখন আমাদের বিজিবি আছে, এসবি আছে, এপিবিএন আছে, নিয়মিত পুলিশ বাহিনী আছে, আনসার ব্যাটালিয়ন আছে। দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে। সংগত কারণেই গত দুই-চার দিনের এই উদ্বেগজনক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিষয়গুলো উপস্থাপন করবেন, প্রথম দিন আমরা সেটা আশা করেছিলাম। প্রথম দিন গেল, তার কোনো আলামত দেখলাম না। দ্বিতীয় দিন গেল, তাতেও কোনো আলামত আমাদের কাছে ধরা পড়েনি। তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এড়াবেন কীভাবে? কোনো সুযোগ নেই, এ দায় তাদের নিতেই হবো
বিরোধী দলীয় নেতা বলেন, আমি অত্যন্ত গভীর ব্যথার সঙ্গে বলছি, আজকে একজন প্রতিমন্ত্রী বিরোধীদলীয় একজন সংসদ সদস্যকে ফোন করে বলেছেন, ‘আমরা তো অনেক কিছু করছি, আপনারা কী করছেন? বসে আছেন কেন?’ তিনি অবশ্য নির্বাচিত কোনো সদস্য নন। কিন্তু একজন নির্বাচিত সদস্যকে অনেকটা শাসানোর ভাষায় তিনি কথা বলছেন। আবার একজন জ্যেষ্ঠ নেতাকে রেফার করে বলছেন, আমি তার পাশ থেকে বলতেছি।
তিনি যোগ করেন, আমি এটা বুঝতে পারছি না, আসলে সরকার কীভাবে এই বিষয়গুলো দেখছে এবং কীভাবে এগুলো সামাল দেবে। জনগণ চরম উদ্বেগের মধ্যে আছে। আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না।
সংসদে অতীতের স্মৃতি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম। আমাদের অফিস সিলগালা করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা একটি বৈধ দল ছিলাম। সেখানে আমরা ঘর থেকে বের হতে পারিনি; বাপ-বেটা একসঙ্গে ভাত খেলে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। একটা মিছিল বের করলে আমরা আগেই সিদ্ধান্ত নিতাম যে আজ কমপক্ষে দুটি মামলা হবে এবং কিছু লোককে জেলে যেতে হবে—আর যা চিন্তা করতাম, তা-ই হতো। কিন্তু এখন অব্যাহতভাবে এসব ঘটনা ঘটে চললেও আইনের প্রয়োগ কোথায়? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি।
বিরোধীদলীয় নেতা বলেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা পালন করতে চাই। জাতীয় সংকটে অতীতে বহু ঐতিহ্য আছে। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না, কিন্তু যখনই জাতীয় কোনো সংকট দেখা দিয়েছে, সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে এবং সবাই সেখানে সম্পৃক্ত হয়েছে। এতে একটি অভিন্ন বার্তা গেছে এবং জাতি উপকৃত হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারেও আজ পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কিছু দেখছি না। ঠিক আছে, একাই করেন, তবে করুন—আমরা সেটাই চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা স্পষ্ট করে বলবেন; কিন্তু সেটাও বলা হচ্ছে না। এসব বিষয়ে আমরা সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করছি। জাতির সামনে যেন এসব বিষয় পরিষ্কার করা হয় এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনো বলছেন, ‘ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব।’ আবার দুই দিন পরে বলছেন, ‘না, এটা অসম্ভব।’ একই ব্যক্তি গতকাল সিলেটের সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে প্রশ্ন করা হলে আমি দেখলাম, চমৎকারভাবে আসামিপক্ষের আইনজীবী যেভাবে আসামিকে ডিফেন্ড করেন, তিনি সেভাবেই ডিফেন্ড করলেন। তিনি কার পক্ষে? তিনি কি ফ্যাসিস্টের পক্ষে, নাকি ফ্যাসিবাদের বিপক্ষে? আমরা এটা বুঝতে পারছি না।
ডা. শফিকুর রহমান বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তি যদি একেক ধরনের কথা বলেন, কিংবা কোনো নির্বাচিত এমপি যদি দাঁড়িয়ে পাবলিক স্পেসে গিয়ে বলেন, ‘আমাদের বিপদের দিনে আওয়ামী লীগ আমাদের সহযোগিতা করেছে। আজকে আমি আমার দলকে ধন্যবাদ দিতে পারছি না, আমি আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছি’—তাহলে এই বার্তা জাতির সামনে কী যাচ্ছে?
জামায়াত আমির বলেন, আমরা চাই, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করুক। এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদের কোনো সহযোগিতা সরকার চাইলে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে তা বিবেচনা করে দেখব। তবে বার্তা স্পষ্ট—আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা। আমাদের চোখের সামনে এই বহমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না।
গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, আমরা মাঝে মাঝে গোয়েন্দাদের সফলতার তথ্য শুনি। ভুয়া তথ্যকে নিশ্চিত তথ্য বলা হয়, যা শতভাগ ভুয়া। অথচ মূল বাস্তব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে, অর্থাৎ ওই জায়গাটাই নিরাপদ নয়। তাহলে সেই গোয়েন্দারা কী করছেন?
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190564