ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে রাজশাহী বিভাগে বিজয়ী হলো ৬ উদ্ভাবক দল
শহর প্রতিনিধি : তরুণ মেধাবীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর রাজশাহী বিভাগীয় পর্বের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের সৃজনশীল প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে জেডআরএফের এটি তৃতীয় আয়োজন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শর আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্যমী ও মেধাবী তরুণদের অন্বেষণের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে জিয়া ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগ দেশ গঠনে এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এই ব্যতিক্রমী আয়োজনে নতুন দেশীয় উদ্ভাবক খুঁজে পাওয়ার অপার সম্ভাবনা রয়েছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন বিজ্ঞান প্রকল্পকে দেশের প্রয়োজনে কাজে লাগানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের চতুর্থ শিল্পবিপ্লবের অন্যতম হাতিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে (অও) দেশের কৃষি, শিল্প ও বিদ্যুৎসহ সার্বিক অর্থনীতিতে ব্যবহার উপযোগী করে তুলতে হবে।
জিয়া ফাউন্ডেশনের এই আয়োজনের স্মৃতিচারণ করে তিনি জানান, করোনাকালীন সময়ে ভার্চুয়াল মাধ্যমে এই বিজ্ঞান মেলার প্রথম আসর শুরু হয়েছিল। এ সময় তিনি এই স্বেচ্ছাসেবী জনকল্যাণকর সংগঠনের সভাপতি তারেক রহমান এবং সহ-সভাপতি ডা. জুবাইদা রহমানকে এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক পৌর মেয়র এড. মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলার বিভাগীয় সমন্বয়ক ও সদস্য সচিব অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী।
আলোচনা সভার শুরুতে অতিথিদের বক্তৃতার ফাঁকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বগুড়া সদর আসনের সংসদ সদস্যকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৬৭টি স্টলের মধ্যে চূড়ান্ত বিজয়ী ৬ দল বিজয়ী হয়।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মোট ৪৭টি দল এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনী ও মূল্যায়ন শেষে বিচারকদের রায়ে চূড়ান্তভাবে বিজয়ী ৬টি দল হলো— নেক্সট জেন হেলথ, ভিশন মেড, কথা এআই, কন্ট্রোলড রিহ্যাবিলিটেশন, সোলার ক্লাব এবং এআই কথা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত এই ৬টি দলসহ সারা দেশের অন্যান্য বিভাগ ও জেলা থেকে মোট ১৬টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য মূল প্রতিযোগিতায় অংশ নেবে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী সব দলকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190562