আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত সাত মাস ধরে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
নাহিদ ইসলাম আরও প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। আমাদের প্রশ্ন—এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190561