গাইবান্ধায় থামছে না কুকুর-শিয়ালের কামড়, বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি
মফস্বল ডেস্ক : চলতি বছরের এপ্রিল থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় অন্তত পাঁচ দফায় বড় আকারে হামলা চালিয়েছে পাঁচটি কুকুর ও একটি শিয়াল। এতে শিশু ও নারীসহ ৭৭ জন মানুষ এবং চারটি গবাদিপশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) সুন্দরগঞ্জ উপজেলার চার ইউনিয়নের সাতটি গ্রামে একাধিক কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
একের পর এক এ ঘটনায় সুন্দরগঞ্জে চরম উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক ছড়িয়েছে পুরো জেলায়। এ পরিস্থিতিতে সুন্দরগঞ্জকে ‘ডেঞ্জার জোন’ (বিপজ্জনক এলাকা) ঘোষণা এবং মানুষ ও প্রাণীর সুরক্ষায় জরুরি ‘ডগ ম্যাস ভ্যাকসিনেশন’ (কুকুরের গণটিকাদান) কার্যক্রমের তাগিদ দিয়েছেন প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ-সংশ্লিষ্টরা। পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তারা।
জেলা প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, রামজীবন, শান্তিরাম ও দহবন্দ ইউনিয়নের সাতটি গ্রামে একাধিক কুকুর তাণ্ডব চালায়। এর মধ্যে একটি কুকুরের কামড়েই আহত হন ২৩ জন, আর অন্য কুকুরের কামড়ে আহত হন আরও সাতজন। আহত ৩০ জনের মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সী শিশু পাঁচজন এবং নারী চারজন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে একটি পাগলা কুকুর বেলকা ইউনিয়নের বেলকা গ্রাম এবং শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম ও পরান গ্রামের ২৩ জনকে কামড়ে আহত করে। পরে কুকুরটিকে পিটিয়ে মারা হয় বলে জানা গেছে। এ ছাড়াও রামজীবন ইউনিয়নের বাজারপাড়া ও বেকাটারি, দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া এবং শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে একাধিক কুকুরের কামড়ে আরও সাতজন আহত হন।
এর আগে গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুর কামড়ে ২৬ জনকে আহত করে। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন নেওয়ার পরও পাঁচজন মারা যান।
এরপর ২০ সেপ্টেম্বর একই উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে চার শিশু ও নারীসহ নয়জনকে কামড় দেয় একটি শিয়াল। পরদিন ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামে কুকুরের কামড়ে সিনথিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়।
২৬ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে একটি কুকুর নারী ও শিশুসহ আটজনকে কামড়ে আহত করে। কুকুরটি দুটি গরু ও দুটি ছাগলকেও কামড়ায়।
এ ছাড়া ২৫ অক্টোবর বিকেলে বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া এলাকায় কুকুরের কামড়ের শিকার হয় চার শিশু।
বারবার কেন একই এলাকায় এমন ঘটনা
স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকায় কুকুরের কামড়ের ঘটনা বারবার ঘটছে কেন? জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. জোবাইদুল কবীর ঢাকা পোস্টকে বলেন, এ ধরনের প্রাদুর্ভাবের মূল কারণ হলো এলাকায় জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত কোনো উন্মত্ত কুকুরের উপস্থিতি। এ ভাইরাস প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে তীব্র প্রদাহ ও রোগগত পরিবর্তন ঘটায়। এতে কুকুর স্বাভাবিক প্রবৃত্তি হারিয়ে মারাত্মক আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে যাকে সামনে পায়, তাকেই কামড়াতে উদ্যত হয়।
তিনি আরও বলেন, কোনো এলাকায় নিয়মিত ও পর্যাপ্ত গণটিকাদান কার্যক্রম না হলে সামগ্রিক রোগপ্রতিরোধ ক্ষমতা (হার্ড ইমিউনিটি) ভেঙে পড়ে। তখন একটি সংক্রমিত কুকুর সহজেই পুরো অঞ্চলের অন্য কুকুর ও মানুষের মধ্যে ভাইরাস ছড়ানোর সুযোগ পায়।
ডা. জোবাইদুল কবীর বলেন, খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং খাবারের সহজলভ্যতাও এলাকায় কুকুরের ঘনত্ব অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এ ছাড়া প্রজননকাল কিংবা নিজেদের এলাকা রক্ষার সহজাত প্রবৃত্তির কারণেও অনেক সময় কুকুর দলবদ্ধভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে।
তিনি জানান, তীব্র ভয়, আকস্মিক আঘাত, শাবক বা খাবার রক্ষার তাগিদ, নিজের এলাকার সীমানা লঙ্ঘিত হওয়া কিংবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে জলাতঙ্ক ভাইরাসের সংক্রমণ ঘটলে কুকুর আক্রমণাত্মক হয়ে ওঠে।
আক্রমণের আগের লক্ষণ ব্যাখ্যা করে ডা. জোবাইদুল কবীর বলেন, আক্রমণাত্মক কুকুর লেজ অস্বাভাবিকভাবে খাড়া করে, দুই কান পেছনে টানটান করে বা মাথার সঙ্গে মিশিয়ে ফেলে। নিচু ও গম্ভীর গলায় অবিরাম ঘোঁতঘোঁত বা গর্জন করা এবং চোখের পলক না ফেলে সরাসরি লক্ষ্যবস্তুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকাও আক্রমণের লক্ষণ। জলাতঙ্কে আক্রান্ত কুকুরের ক্ষেত্রে মুখ দিয়ে অতিরিক্ত লালা বা ফেনা ঝরা, দিকভ্রান্ত হয়ে উদ্দেশ্যহীন ছোটাছুটি এবং অস্বাভাবিক বা কর্কশ স্বরে চিৎকার করার লক্ষণ দেখা যায়।
এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তিনি বলেন, আতঙ্কিত হয়ে দৌড় দিলে কুকুরের শিকার ধরার সহজাত প্রবৃত্তি (প্রিডেটর ড্রাইভ) বহুগুণ সক্রিয় হয়ে ওঠে। এমন কুকুরের সামনে পড়লে সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং হাত দুটি শরীরের সঙ্গে গুটিয়ে রাখতে হবে। কুকুরের চোখের দিকে সরাসরি তাকানো মানে তাকে চ্যালেঞ্জ বা হুমকি দেওয়া, তাই দৃষ্টি নিচু বা অন্যদিকে রাখতে হবে। হাতে ছাতা, ব্যাকপ্যাক, ফাইল বা অন্য কোনো বস্তু থাকলে তা নিজের ও কুকুরের মাঝখানে প্রতিবন্ধক হিসেবে ধরতে হবে এবং অত্যন্ত ধীরস্থির পায়ে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে।
ডা. জোবাইদুল কবীর জানান, জলাতঙ্কে আক্রান্ত কুকুরের রোগের সুপ্তিকাল (লক্ষণ প্রকাশ পেতে সময়) সাধারণত তিন সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত হতে পারে। তবে কামড়ের স্থান কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের খুব কাছে (যেমন মাথা, মুখ বা গলা) হলে কিংবা ভাইরাসের পরিমাণ অত্যন্ত বেশি হলে এ সময় কমে এক সপ্তাহ বা তারও কম হতে পারে।
তিনি বলেন, সংক্রমিত কুকুর কোনো সুস্থ কুকুরকে কামড়ালে বা গভীর ক্ষত সৃষ্টি করলে তার লালায় থাকা ভাইরাস ক্ষতের মধ্য দিয়ে সুস্থ প্রাণীর পেশির টিস্যুতে প্রবেশ করে। এরপর ভাইরাসটি প্রান্তীয় স্নায়ুর (পেরিফেরাল নার্ভ) মোটর ও সেন্সরি পথ ধরে মেরুদণ্ডের স্নায়ু (স্পাইনাল কর্ড) বেয়ে অত্যন্ত দ্রুত মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে পৌঁছে এটি মারাত্মক এনসেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ) ঘটায়। পরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সরে গিয়ে লালাগ্রন্থিতে জমা হয়, যার মাধ্যমে সংক্রমণচক্র সম্পূর্ণ হয়। এ ছাড়া আক্রান্ত প্রাণীর সংক্রমিত লালা সুস্থ প্রাণীর শরীরের কাটা-ছেঁড়া ত্বক বা শ্লেষ্মাবরণের সংস্পর্শে এলেও রোগটি ছড়াতে পারে।
চিকিৎসকেরা বলছেন, র্যাবিস বা জলাতঙ্ক এমন এক ভাইরাসজনিত রোগ, যা একবার শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। লক্ষণ প্রকাশ পাওয়ার পর প্রায় সব ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তবে সময়মতো সচেতন হয়ে চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।
এ বিষয়ে ডা. তানভির রহমান কল্লোল (জুনিয়র কনসালট্যান্ট, কার্ডিয়াক) বলেন, র্যাবিস একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সাধারণত আক্রান্ত কুকুর, বিড়াল, বানর বা অন্য সংক্রমিত প্রাণীর কামড়, আঁচড় বা লালার মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়ায়। ভাইরাসটি স্নায়ুতন্ত্র হয়ে মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়। তাই কামড়ের ক্ষত মাথার যত কাছে হবে, ভাইরাস তত দ্রুত মস্তিষ্কে পৌঁছাবে। সে ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেও আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর মৃত্যু হতে পারে। কামড়ের শিকার ব্যক্তিকে কমপক্ষে ২০ মিনিট কাপড়কাচা সাবান-পানি দিয়ে ক্ষতস্থান ধুতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190551