আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর উঠে এসেছে। এছাড়াও দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান ওই সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’
একজন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায় কোনো ভূমিকা রাখতে পারে কি না—জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘স্বাভাবিকভাবেই, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন।
আমি যতটুকু বুঝি, বিষয়টি সে রকমই। তবে এটি একটি কারিগরি বিষয়।’এ বিষয়ে ভারতের ভূমিকা ও বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ রাজনৈতিক বিষয়ে তাদের অবস্থান কী, তা আপনাদের জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।
এছাড়াও শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190546