ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনার মৃত্যু

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় পাঁচ বছর হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। শুরুতে ধারণা ছিল, সামরিক শক্তিতে এগিয়ে থাকা রাশিয়ার কাছে বেশিদিন টিকতে পারবে না ইউক্রেন।

কিন্তু পশ্চিমা দেশগুলোর সহায়তা ও নিজেদের প্রতিরোধে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে দেশটি। দীর্ঘ এই যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানি হয়েছে। এবার ফাঁস হওয়া রাশিয়ার সরকারি তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এই হিসাব পাওয়া গেছে।

তথ্যগুলো সংগ্রহ করেছে বেলারুশের বিরোধী পক্ষের সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো।

তারা রাশিয়ার তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়ে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ সংগ্রহ করে। এসব সনদে মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের ঠিকানা ও মৃত্যুর স্থান উল্লেখ রয়েছে।

দুই হ্যাকার গোষ্ঠী গত ১ নভেম্বর সাইবার হামলার কথা জানায়। এরপর গত সপ্তাহের শেষদিকে তারা চুরি করা তথ্য প্রকাশ করে। এদিকে, রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার কথা স্বীকার করলেও কোনো সংবেদনশীল তথ্য চুরি হওয়ার কথা অস্বীকার করেছে।

ফাঁস হওয়া তথ্য থেকে যুদ্ধে রাশিয়ার প্রাণহানির বিস্তারিত চিত্র পাওয়া গেছে, যা মস্কো এত দিন গোপন রাখার চেষ্টা করেছে।

ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর প্রথম কয়েক মাসের পর রাশিয়ার কর্তৃপক্ষ সেনা নিহতের কোনো হিসাব আর প্রকাশ করেনি। দেশটিতে যুদ্ধে সেনাদের প্রাণহানির তথ্য রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। এসব সনদে যুদ্ধ ও সামরিক অভিযানে নিহত হওয়ার তথ্য রয়েছে।

তবে, ফাঁস হওয়া সব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান।

তারপরও অন্যান্য সংস্থার হিসাবের সঙ্গে এসব তথ্যের মিল রয়েছে। গত সেপ্টেম্বর যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার এক হিসাবেও বলা হয়েছিল, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহত রুশ সেনার নাম শনাক্ত করেছে। প্রকৃত নিহতের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হবে বলে ধারণা সংবাদমাধ্যমটির।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে ফাঁস হওয়া তথ্যকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন। তার মতে, রুশ সেনাদের প্রাণহানির হিসাব নিয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

তবে, ফাঁস হওয়া তথ্যে প্রকৃত প্রাণহানির পুরো চিত্র উঠে আসেনি বলে মনে করেন ক্লুগে। কারণ, অনেক সেনা এখনো নিখোঁজ রয়েছেন।

আবার অনেকের পরিচয়ও শনাক্ত করা যায়নি। এছাড়া, কোনো সেনার মৃত্যুর তথ্য সরকারি নথিতে যুক্ত হতে প্রায় ছয় মাস সময় লাগে বলে জানান তিনি।


সূত্র: দ্য গার্ডিয়ান

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190543