একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠলো সৌদি আরবের রাজধানী রিয়াদ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রিয়াদজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের পরপরই স্থানীয় বাসিন্দাদের মুঠোফোনে এক জরুরি বার্তা পাঠায় জরুরি সেবা সংস্থা। সেখানে ‘আকাশপথের নিরাপত্তা ঝুঁকির’ কথা উল্লেখ করে সবাইকে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সৌদি জোট জানায়, 'সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে চিহ্নিত করে ধ্বংস করেছে।'
এর কিছুক্ষণ পর সৌদির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করে যে সাময়িক ঝুঁকি কেটে গেছে।
এর আগে সোমবার রাতেও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিল সামরিক জোটটি। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধবিরতি গত জুলাই মাসে ভেস্তে যাওয়ার পর থেকে বিগত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই হুতিদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হচ্ছে বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব।এর আগে রোববারও রিয়াদের প্রধান বাণিজ্য এলাকায় বড় ধরনের হামলার দাবি করে হুতি বিদ্রোহীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় বিশ্বখ্যাত তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয় (আরামকো টাওয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভবনটিতে সামান্য ক্ষতি হয়েছে। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, রিয়াদ অঞ্চলের উপ-গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আরামকো টাওয়ারের ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো পরিদর্শন করছেন। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190534