যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন বৈঠক আজ, সতর্ক জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বৈঠক শুরু হচ্ছে। এর আগে সম্ভাব্য ইউরোপ ভাগ নিয়ে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর : এএফপি
এই আলোচনার আগে ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে মস্কোর সঙ্গে একটি চুক্তির আভাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে অঞ্চলটির দেশগুলো উদ্বিগ্ন। ফলে তারাও আবুধাবিতে নিজেদের প্রতিনিধি পাঠাবে। ট্রাম্প গত সপ্তাহে বলেন, একটি ‘বড় চুক্তি’ হতে যাচ্ছে যা সমগ্র ইউরোপকে যুক্ত করবে। ইউরোপের আশঙ্কা এর মাধ্যমে ওয়াশিংটন মস্কোর সঙ্গে মিলে নতুন কোনো নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল সোমবার বলেন, ‘ইউরোপের কাছে বিষয়টি স্পষ্ট। এ অঞ্চলের জন্য নতুন কোনো নিরাপত্তা কাঠামো তৈরির প্রয়োজন নেই।’ তিনি মস্কোকে অতিরিক্ত দাবি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আবুধাবির বৈঠকে কোনো ধরনের লোক দেখানো আলোচনা না করতেও সতর্ক করেন।
অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য ‘ইয়াল্টা ২.০’ নিয়ে সতর্ক করেছেন। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মিলে পশ্চিমা নেতাদের ইউরোপ ভাগ করার বিষয়টি টেনে তিনি ওই সতর্কবার্তা দেন। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের মতে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রতিনিধি এবং ন্যাটো ও ইইউ কর্মকর্তারা আবুধাবিতে কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তবে আলোচনায় ইউরোপকে বাইরে রাখার চেষ্টা করা ক্রেমলিন জানিয়েছে, এটি ত্রিপক্ষীয় বৈঠক। অর্থাৎ, ওয়াশিংটনের মধ্যস্থতায় শুধু মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা হবে।
২০২২ সালে আগ্রাসন শুরু করার ঠিক আগে পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের জন্য পশ্চিমাদের চরমপত্র দিয়েছিল মস্কো। সেই চরমপত্র দেওয়া কূটনীতিক সের্গেই রিয়াবকভ প্রথমবারের মতো মস্কোর প্রতিনিধি দলের অংশ হতে যাচ্ছেন। রুশ বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তির খবর অনুযায়ী, আবুধাবিতে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হবে। প্রায় পাঁচ বছরের যুদ্ধ অবসানে মস্কো ও কিয়েভের মধ্যে কয়েক দফায় আলোচনা হলেও সেগুলো ব্যর্থ হয়। এবারও শান্তি প্রতিষ্ঠার আশা বেশ ক্ষীণ। কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও এএফপিকে বলেছেন, ‘আমাদের বিশেষ কোনো প্রত্যাশা নেই।’
ওয়াশিংটনের মধ্যস্থতাকারী হিসেবে বৈঠক থাকবেন ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। সমালোচকদের অভিযোগ, এই দুজন রাশিয়ার প্রতি নমনীয়। অপরদিকে মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও মস্কো পেছনের দরজা দিয়ে বড় ধরনের ব্যবসায়িক চুক্তির চেষ্টা করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190526