নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

মফস্বল ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে ট্রেনটির চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল আটটায় ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি থামার পর যাত্রীরা নেমে যান। এসময় গার্ড ও রেলকর্মীরাও বাইরে খাবার খেতে গিয়েছিলেন। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। 

স্টেশনমাস্টার বলেন, হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা ছুটে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জহিরুল ইসলাম আরও জানান, স্টেশনের পশ্চিম দিকে প্ল্যাটফর্মের বাইরে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে একটি বগির চারটি আসন পুড়ে গেছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190525