খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয় ও গাড়ি 

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয় ও গাড়ি 

মফস্বল ডেস্ক : খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ও চাঁদের গাড়ি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী। অন্যদিকে, রাতে জেলা সদরের কল্যাণপুর মোড় এলাকায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আগুনে গাড়ির বেশীর ভাগ অংশ পুড়ে গেছে।

চাঁদের গাড়ির মালিক মো. শাহীন জানান, খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখতে পান গাড়িতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। বাজারের নৈশপ্রহরী দাবি করেন ১০-১২ জন লোক আগুন দিয়ে চলে যায়।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানান, শহরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190509